
কুমিল্লার বুড়িচং উপজেলায় সকাল বেলায় আকস্মিক মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (৩১ মে) সকাল ৭টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ভোর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার ও কোরপাই এলাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। পরে তারা সংক্ষিপ্ত একটি মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি কয়েক মিনিট স্থায়ী হওয়ার পর অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।
স্থানীয়ভাবে জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহেতাসামুল হাসান রুমির পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে আলোচনা রয়েছে। মিছিলের সমন্বয়ের দায়িত্বে ছিলেন বুড়িচং উপজেলা যুবলীগের নেতা জালাল উদ্দিন।
এ বিষয়ে যুবলীগ নেতা জালাল উদ্দিন মিছিলের বিষয়টি স্বীকার করে জানান, প্রায় দুই শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকার পশ্চিম পাশে কর্মসূচি পালন করা হয়েছে।
অন্যদিকে, ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সী। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে এ মিছিল করেছে। বিষয়টি নিয়ে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। একই সঙ্গে প্রশাসনের ভূমিকা সম্পর্কেও প্রশ্ন তোলেন তিনি।
এদিকে, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, কোরপাই এলাকায় কিছু ব্যক্তি একত্রিত হওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা দ্রুত সরে যায়। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঘটনার পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অনলাইন ডেস্ক 











