
জাতীয় সংসদে দাঁড়িয়ে কুমিল্লাকে কেন্দ্র করে নতুন বিভাগ গঠনের ক্ষেত্রে ‘কুমিল্লা’ নামই বহাল রাখার দাবি জানিয়েছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার (৬ এপ্রিল) সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বক্তব্যে ড. মোশাররফ বলেন, কুমিল্লা একটি ঐতিহ্যবাহী জেলা, যা শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার জন্য দীর্ঘদিন ধরে সুপরিচিত। এ কারণে কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে বহুদিন ধরেই আলোচনা ও জনমত রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, পূর্ববর্তী সরকার কুমিল্লায় বিভাগ গঠনের ঘোষণা দিলেও তা কুমিল্লা নামে না করার চেষ্টা করা হয়েছিল। বিভিন্ন অজুহাতে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়, যা কুমিল্লাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
ড. মোশাররফ আরও বলেন, “কুমিল্লার জনগণ দলমত নির্বিশেষে নিজেদের জেলার নামেই বিভাগ চেয়েছে। কিন্তু সে সময়ের সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সমাধান দেয়নি। তাই আজ জাতীয় সংসদের মাধ্যমে আবারও অনুরোধ জানাচ্ছি—কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করা হোক।”
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৭ সালে কুমিল্লাকে ‘ময়নামতি’ এবং ২০২২ সালে ‘মেঘনা’ নামে বিভাগ করার প্রস্তাব সামনে আসে। তবে এ নিয়ে স্থানীয়দের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং বিষয়টি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
বর্তমানে কুমিল্লা বিভাগ গঠন নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ায় বিষয়টি আবারও রাজনৈতিক ও জনমহলে গুরুত্ব পাচ্ছে।
অনলাইন ডেস্ক 


















