
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া নতুন আলোচনার প্রস্তাব নিয়ে অসন্তোষ প্রকাশ করার পর দেশ দুটির মধ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। শনিবার (২ মে) ইরানের শীর্ষ এক সামরিক কর্মকর্তা এই আশঙ্কার কথা জানিয়েছেন। স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি না হওয়ার মাঝেই এই পাল্টাপাল্টি মন্তব্যে মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বিরাজ করছে।
পাকিস্তানের মধ্যস্থতায় খসড়া প্রস্তাব ও ট্রাম্পের প্রতিক্রিয়া আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার একটি নতুন খসড়া প্রস্তাব পাঠায় তেহরান। তবে এই খসড়াটিতে ঠিক কী ধরনের প্রস্তাব বা শর্ত ছিল, তা এখনও প্রকাশ্যে আসেনি।
এই প্রস্তাবের প্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অসন্তোষ ব্যক্ত করেছেন। আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ইরান বর্তমানে যে প্রস্তাব দিচ্ছে, তাতে এই মুহূর্তে আমি মোটেও সন্তুষ্ট নই।” একইসঙ্গে তিনি দাবি করেন, ইরানের শীর্ষ নেতৃত্বের ভেতরেই এখন ‘বড় ধরনের মতবিরোধ’ তৈরি হয়েছে।
ট্রাম্পের এই মন্তব্যের পর শনিবার সকালে কড়া প্রতিক্রিয়া জানান ইরানি সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি। তিনি ইঙ্গিত দেন যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে একটি সংঘাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে এই শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, “অতীতের প্রমাণ ঘাঁটলেই দেখা যায়, যুক্তরাষ্ট্র কখনোই কোনো প্রতিশ্রুতি বা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে না।”
প্রসঙ্গগত, গত ফেব্রুয়ারির শেষ ভাগে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বড় ধরনের সামরিক হামলা চালায়। এরপর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ৮ এপ্রিল উভয় পক্ষ একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু সাময়িক সেই বিরতির পর স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে বেশ কয়েকবার আলোচনা হলেও এখন পর্যন্ত তাতে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এর মাঝেই নতুন প্রস্তাব নিয়ে দুই পক্ষের এই অনড় অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আন্তর্জাতিক ডেস্ক 























