
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। বুধবার ভোর ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে জেলার দাউদকান্দি, নিমসা ও চৌদ্দগ্রাম এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার বারোপাড়া এলাকায় একটি অজ্ঞাতনামা বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতরা হলেন—সরকারপুর গ্রামের বাসিন্দা আব্দুল বারেক (৫৩) ও মোস্তফা (৫২)।
অন্যদিকে, বুড়িচং উপজেলার নিমসার বাজার সংলগ্ন একটি ইউটার্নে ঢাকাগামী লেনে আরেকটি দুর্ঘটনায় দুইজন নিহত হন। তারা হলেন—নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের জহিরুল ইসলাম (২৭), মেহেরপুর সদর উপজেলার কেশবপুর গ্রামের সোহেল রানা (৩৫)
অন্যদিকে, চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তাইম। প্রতিদিনের মতো প্রাইভেট কোচিং শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির লড়ি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথিমধ্যেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এছাড়া চৌদ্দগ্রাম এলাকায় মহাসড়কে বাসচাপায় আরও একজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
দাউদকান্দি আমিরাবাদ হাইওয়ে পুলিশের ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, দাউদকান্দি এলাকায় একটি দ্রুতগতির বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে দুইজনের মৃত্যু হয়।
এদিকে ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মমিন বলেন, নিমসা এলাকায় সংঘটিত দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং সংশ্লিষ্ট যানবাহনগুলো শনাক্তে কাজ চলছে।
ছালাউদ্দিন রিপন 


















