
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে মেইল ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু রয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে বাসটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে কয়েকজন মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জন হয়েছে।
দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা অংশ নেন। সকাল ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এ ঘটনায় কুমিল্লা জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হিসেবে রয়েছেন কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. মমিন, কুমিল্লা রেলওয়ের স্টেশন মাস্টার এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন।
অপরদিকে রেলওয়ে কর্তৃপক্ষও পৃথকভাবে দুটি তদন্ত কমিটি গঠন করেছে। একটি বিভাগীয় এবং অপরটি জোনাল কমিটি। প্রতিটি কমিটিতে ছয়জন করে মোট ১২ জন সদস্য রাখা হয়েছে। বিভাগীয় তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (চট্টগ্রাম) আনিসুর রহমানকে। অন্যদিকে জোনাল তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ সফিকুর রহমানকে।
দুর্ঘটনার পর পদুয়ার বাজার রেলক্রসিংয়ের দায়িত্বরত দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে মোট তিনটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

















