
দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা জোরদারে নতুন উদ্যোগ হিসেবে চালু হতে যাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মোকাবিলায় পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে এ কর্মসূচির পরিকল্পনা করেছে সরকার।
কর্মসূচির লক্ষ্য ও সুবিধা
সরকারি পরিকল্পনা অনুযায়ী, নির্বাচিত পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। এই সহায়তার অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার প্রস্তাব রয়েছে, যাতে নারীর আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করা যায়।
প্রাথমিকভাবে সীমিত পরিসরে কর্মসূচি বাস্তবায়নের পর স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় উপকারভোগীদের তালিকা প্রণয়ন করে ধাপে ধাপে এটি সারা দেশে সম্প্রসারণ করা হবে।
আবেদনের প্রস্তুতি
আবেদন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও সম্ভাব্য উপকারভোগীদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। এগুলো হলো—
-
আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
-
পাসপোর্ট সাইজের সাম্প্রতিক রঙিন ছবি
-
সচল মোবাইল নম্বর
আবেদন পদ্ধতি
পাইলট প্রকল্প শেষ হলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফরম সংগ্রহ করা যাবে। পাশাপাশি ঘরে বসে আবেদন করার সুবিধার্থে একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতি চলছে।
প্রতি পরিবারে একটি করে কার্ড ইস্যু করা হবে। এই কার্ডের মাধ্যমে মাসিক নগদ সহায়তা বা নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অনলাইন ডেস্ক 

















