
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনার ধারাবাহিকতায় এবার কুমিল্লার বুড়িচং উপজেলায় একই ধরনের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও স্লোগান দেওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, বাংলাদেশ যুবলীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ-এর কয়েকজন কর্মী বুড়িচং উপজেলা সদরে অবস্থিত দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। তারা প্রথমে কার্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে জাতীয় পতাকা উত্তোলন করে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা ফিরবে—বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। প্রায় আধাঘণ্টা ধরে সেখানে স্লোগান চলে। একপর্যায়ে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করতেও দেখা যায়।
ঘটনাস্থল থেকে কয়েকজন নেতা-কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ সম্প্রচার করেন। ছড়িয়ে পড়া ভিডিওতে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা তোফায়েল আহমেদ, আরিফ খান, আতিকুর রহমানসহ ১৫ থেকে ২০ জনকে দেখা যায়। ভিডিওতে তারা দাবি করেন, দীর্ঘদিন আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষ তা মেনে নিতে পারছে না এবং জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগের প্রয়োজন রয়েছে।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “ঘটনার সময় আমি শহরের বাইরে ছিলাম। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই সংশ্লিষ্টরা সেখান থেকে চলে যায়।” তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অনলাইন ডেস্ক 

















