
আগামী ৩০ জানুয়ারি কুমিল্লা মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এ পরিদর্শনে নেতারা মাঠের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
নেতৃবৃন্দ জানান, আসন্ন জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। জনসাধারণের নিরাপত্তা ও সুবিধার কথা বিবেচনা করে মাঠে জরুরি চিকিৎসা সেবা ক্যাম্পসহ তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।
এই জনসভায় দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ কুমিল্লার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতির বিস্তারিত রূপরেখা উপস্থাপন করবেন। জানা গেছে, গত দেড় বছর ধরে তিনি কুমিল্লার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশা সংগ্রহ করেছেন, যা জনসভায় তুলে ধরা হবে।
নেতারা বলেন, কুমিল্লা একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় জনপদ হলেও এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। ত্রিপুরার সাবেক রাজধানী হওয়া সত্ত্বেও কুমিল্লা বিভাগীয় শহরের মর্যাদা পায়নি। একসময় চালু থাকা বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়া, যানজটসহ নগর ব্যবস্থাপনার দুর্বলতা কুমিল্লাবাসীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
জনসভায় কুমিল্লা-ঢাকা সরাসরি রেললাইন স্থাপন, রেল ও নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্থলবন্দর ও বিমানবন্দর পুনরায় চালু, পর্যটন শিল্প বিকাশসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা তুলে ধরা হবে বলে জানানো হয়। পাশাপাশি গোমতী নদীকে ঘিরে আধুনিক ও নান্দনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং ঐতিহাসিক কোটবাড়িকে কেন্দ্র করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার ঘোষণাও আসবে বলে আশা প্রকাশ করেন নেতারা।
তারা আরও বলেন, আমীরে জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমানের নেতৃত্বে কুমিল্লাকে একটি আধুনিক ও প্রথম শ্রেণির শহরে রূপান্তরের বাস্তবসম্মত রোডম্যাপ এ জনসভায় উপস্থাপন করা হবে। লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এ জনসভা কুমিল্লা শহরের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর আমীর ও দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ, মহানগরী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, যুব বিভাগের সেক্রেটারি মো. আবুল কালাম পাটোয়ারী, সাংবাদিক সহিদুল্লাহ মিয়াজিসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক 

















