
ইংল্যান্ডের উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল অ্যালামনাই অ্যাওয়ার্ড ফর ডিস্টিংগুইশড সার্ভিসেস’ পদক অর্জনের গৌরবজনক সাফল্যে কুমিল্লার চান্দিনায় সংবর্ধিত হয়েছেন রেজওয়ানা আহমেদ।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন–এর উদ্যোগে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেজওয়ানা আহমেদ সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদের জ্যেষ্ঠ কন্যা।
সংবর্ধনা অনুষ্ঠানে একাধিক গুরুত্বপূর্ণ আয়োজন একসঙ্গে অনুষ্ঠিত হয়। এ সময় আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন ডট কমে প্রকাশিত তার প্রথম বই ‘দ্য ফিস, সার্কেল অ্যান্ড ট্রায়াঙ্গেল’ এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি কলেজ ক্যাম্পাসে ‘রেজওয়ানা আহমেদ আর্ট গ্যালারি’ উদ্বোধন করা হয় এবং তার ৫০তম জন্মদিন উপলক্ষেও বিশেষ আয়োজন রাখা হয়।
অনুষ্ঠান শেষে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজে আর্ট গ্যালারির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোশারফ হোসেন।
রেজওয়ানা আহমেদ ‘দ্য ক্রাফট ভিলেজ’ নামে একটি সামাজিক উদ্যোগের প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সুলতান মঈন আহমেদ রবিন।
কলেজের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন ভূঁইয়া ও রিতা রানী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের আজীবন দাতা সদস্য মমতাজ আহমেদ, অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক রুহুল আমিনসহ অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ, মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ এবং জোবেদা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
নিজস্ব প্রতিবেদক 

















