
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাতৃভূমি বাংলাদেশে পৌঁছাবে। সিঙ্গাপুর থেকে তার মরদেহ নিয়ে বিমানটির আজ সন্ধ্যায় ঢাকায় অবতরণের কথা রয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সব আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল শনিবার রাজধানীতে তার জানাজা অনুষ্ঠিত হবে।
ইনকিলাব মঞ্চ সূত্র জানায়, সিঙ্গাপুরের স্থানীয় সময় আজ বিকেল ৩টা ৫০ মিনিটে হাদির মরদেহবাহী ফ্লাইটটি দেশের উদ্দেশ্যে রওয়ানা হবে। সব ঠিক থাকলে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এর আগে, আজ সকাল ১০টায় সিঙ্গাপুরের ঐতিহাসিক দ্য আঙ্গুলিয়া মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকায় তার দ্বিতীয় জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীকে এই জানাজায় শরিক হওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় গত সোমবার (১৫ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অনলাইন ডেস্ক 

















