
দেশজুড়ে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন চালুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগীদের দ্রুত চিকিৎসা, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং হাসপাতাল ব্যবস্থাপনা জোরদার করতে পাঁচ দফা বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড বা কেবিন চালু করতে হবে। একই সঙ্গে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখার কথাও উল্লেখ করা হয়েছে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রাউন্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে রোগীদের চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক তদারকিতে থাকে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়, হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। সংক্রমণ বিস্তার রোধে এ বিষয়ে কঠোরভাবে নিয়ম অনুসরণ করতে বলা হয়েছে।
পাশাপাশি প্রতিদিন ভর্তি হওয়া হাম রোগীদের তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস সার্ভারে আপলোড করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার এ ধরনের কঠোর পদক্ষেপ নিয়েছে।
অনলাইন ডেস্ক 



















