
দীর্ঘ প্রায় ২৪ বছর পর কুমিল্লার বরুড়া উপজেলায় আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং তার বক্তব্য শুনতে সকাল থেকেই সভাস্থলে জড়ো হতে শুরু করেছেন হাজারো নেতাকর্মী ও সমর্থক।
শনিবার (১৬ মে) সকাল ১১টায় বরুড়া উপজেলার লক্ষীপুর খেলার মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ উপলক্ষে সভামঞ্চসহ আশপাশের এলাকা সাজানো হয়েছে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে। বিশেষ করে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানসংবলিত ব্যানারে পুরো মঞ্চকে আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে।
বরুড়া ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে মিছিল ও স্লোগান নিয়ে নেতাকর্মীদের সভাস্থলে আসতে দেখা গেছে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগমও বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
পথসভায় সভাপতিত্ব করছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, প্রধানমন্ত্রীর বরুড়া সফর সফল করতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, সফর নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গোটা এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অনলাইন ডেস্ক 



















