
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কুমিল্লা সফরকে কেন্দ্র করে জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তাঁর আগমন উপলক্ষে সভাস্থলসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার, সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধন, যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জনসমাগম নিয়ন্ত্রণে প্রশাসনের বিভিন্ন দপ্তর সক্রিয়ভাবে কাজ করছে। পুরো কুমিল্লাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১১টায় অনুষ্ঠিতব্য এ পথসভাকে ঘিরে ইতোমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
সভাস্থল ঘিরে নির্মাণ করা হচ্ছে প্যান্ডেল ও মঞ্চ। দর্শনার্থীদের সুবিধার্থে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থাও। একই সঙ্গে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলছে রঙের কাজ ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম। সড়কদ্বীপ, মহাসড়কের বিভাজক ও গুরুত্বপূর্ণ মোড়ে নতুন করে রঙের প্রলেপ দেওয়া হচ্ছে।
দলীয় নেতাকর্মীদের মধ্যে সফর ঘিরে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথম কুমিল্লায় আসছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে স্বাগত জানাতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে সভাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরাও মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, চাঁদপুরে প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার পথে বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তারেক রহমান। এটি পথসভা হলেও বিপুল মানুষের উপস্থিতিতে তা বড় জনসমাবেশে রূপ নিতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সফরকে ঘিরে দলীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্যান্ডেল নির্মাণসহ সার্বিক আয়োজন নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে। একই সঙ্গে কুমিল্লাবাসীর বিভিন্ন প্রত্যাশা ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাসও ব্যক্ত করেন তিনি।
এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসএসএফের সঙ্গে সমন্বয় করে একটি সুশৃঙ্খল ও সুন্দর অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।
অনলাইন ডেস্ক 



















