Logo
প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ৩:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৬, ৭:১১ পি.এম

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে ড. জোবায়দুর রহমানের পদত্যাগ

দেশের অন্যতম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ ড. জোবায়দুর রহমান। রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত বছরের ২৩ জুলাই অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছিল। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ব্যাংকের প্রশাসনিক কার্যক্রম ও সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত ছিলেন। ড. জোবায়দুর রহমানের কর্মজীবন শুরু হয় ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক অঙ্গনেও তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক-এ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইতালির বোকোনি বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়-এ ভিজিটিং অধ্যাপক হিসেবেও কাজ করেছেন। বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ড. জোবায়দুর রহমান আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস’ উদ্যোগের পরিকল্পনা ও বাস্তবায়নেও তিনি নেতৃত্ব দেন। বর্তমানে তিনি জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস-এর প্রতিষ্ঠাতা ও উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Read More..
Copyright © 2026 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন