ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এর পেছনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ফোন কলকে দায়ী করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি অভিযোগ করেছেন, দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠকের মাঝপথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে করা নেতানিয়াহুর একটি ফোন কলই সম্ভাব্য সমঝোতার পথ বন্ধ করে দিয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় ইরানের তিনি লিখেছেন, ‘বৈঠকের মাঝে ভ্যান্সকে (মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রধান) নেতানিয়াহুর ফোন আলোচনার ফোকাস যুক্তরাষ্ট্র-ইরান ইস্যু থেকে সরিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে নিয়ে যায়।’তিনি দাবি করেন যে, ওয়াশিংটন আলোচনার টেবিলে বসে এমন কিছু অর্জন করতে চেয়েছিল যা তারা যুদ্ধের মাধ্যমে অর্জন করতে ব্যর্থ হয়েছে। আরাগচি দাবি করেন, পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনায় ইরান আন্তরিকতার সঙ্গে অংশ নিয়েছিল। পাকিস্তান ত্যাগের আগে ভ্যান্সের সংবাদ সম্মেলনকে ‘অপ্রয়োজনীয়’ আখ্যা দেন তিনি। ইরান স্পষ্ট করে জানিয়েছে, তারা তাদের জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রতিশ্রুতিবদ্ধ ও প্রস্তুত। অন্যদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে নেতানিয়াহুর সাথে ভাইস প্রেসিডেন্টের ওই গোপন ফোন কলের বিষয়টি এখনো নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। সূত্র: এনডিটিভি