এলডিপি ছেড়ে বিএনপিতে প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় এসে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যের ডাক দিয়েছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, অতীতের সকল মতানৈক্য ও ভেদাভেদ ভুলে গিয়ে তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক এই প্রতিমন্ত্রী এবং প্রবীণ রাজনীতিবিদ বলেন, ‘ইতিমধ্যেই কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা এলডিপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ওইসব কমিটিতে যারা ছিলেন, তারা আমার সঙ্গেই বিএনপিতে যোগদান করেছেন।’ চান্দিনা উপজেলা বিএনপির বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা রেখে ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘আমি চাই আপনারা সবাই এগিয়ে আসুন। আমার সাথে যারা বিএনপিতে যোগদান করেছেন, তারা আপনাদের নেতৃত্বে থেকেই দলের জন্য কাজ করবেন। আপনারা দায়িত্ব নিয়ে আমার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।’ এসময় তিনি নিজের অনুসারী ও নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বিএনপি আমাকে গ্রহণ করে ধানের শীষের মনোনয়ন দিয়েছে। সুতরাং আমার কোনো কর্মী যদি চান্দিনা বিএনপির আদি বা মূলধারার নেতাকর্মীদের সাথে কোনো প্রকার অসদাচরণ করেন, তবে তারা আমার কাছে ক্ষমা পাবেন না।’ এর আগে, গত ২৪ ডিসেম্বর দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এলডিপির রাজনীতি...